ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্কের পাশাপাশি কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু। জাইকার মাধ্যমে জাপান বিভিন্ন খাতে বাংলাদেশকে সহায়তা করে আসছে। এছাড়া জাপানের কৃষি, বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে জাপানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, দেশের বড় বড় নদীর অববাহিকায় অসংখ্য চর রয়েছে, যেখানে উর্বর মাটি বিদ্যমান। এসব এলাকায় মিষ্টি আলু জাতীয় ফসলের ব্যাপক উৎপাদনের সম্ভাবনা রয়েছে। জাপানের আগ্রহ থাকলে এসব এলাকায় অর্গানিক পদ্ধতিতে রপ্তানিমুখী কৃষি উৎপাদন করা সম্ভব হবে। পাশাপাশি জাপানের স্টিকি রাইস উৎপাদনের বিষয়েও বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
এছাড়া রপ্তানিমুখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
অন্যদিকে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জাপানের বেসরকারি খাতও বাংলাদেশে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগে আগ্রহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


