কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে। শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নানাবাড়িতে বেড়াতে আসা শিশুটি গোসল শেষে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বিষয়টি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।
এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। পাশাপাশি মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


