লালমনিরহাট সীমান্তের তিনটি পৃথক পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান, টহল ও সার্বক্ষণিক নজরদারির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে জেলার তিনটি সীমান্ত পয়েন্টে মোট ৩৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।
ঘটনার পরপরই বিজিবি সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকায়। ফলে সারাদিন তারা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
পরবর্তীতে শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার এলাকায় অবস্থান করা ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের ভেতরে ফিরিয়ে নেয়। একই সময়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় থাকা আরও ১২ জনকেও সার্চলাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়।
এরপর শনিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে অবস্থান করা বাকি ১০ জনকেও বিএসএফ নিজেদের এলাকায় ফিরিয়ে নেয়। পরে তাদের একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ১৫ বিজিবির মিডিয়া সেল জানায়, পুশইনের জন্য আনা সব ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষ নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তিনটি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত আছে।
এদিকে রংপুর সেক্টর সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের কাঁটাতার ও ফেন্সিং গেট ব্যবহার করে লোকজন প্রবেশ করানোর চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি।
রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



