একজন নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন জানা দরকার। আইন না জানাও একটা অপরাধ বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে আইজিপি বলেন, এটা আমাদের সমস্যা। একজন নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন জানা দরকার। আইন না জানাও একটা অপরাধ। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন, আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না।
আলী হোসেন ফকির বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে। ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই।
এ সময় ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আইজিপি বলেন, বাস কাউন্টার থেকে কেউ যদি বাড়তি ভাড়া চায় সরাসরি জানাবেন, ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে।
তিনি বলেন, এ বছর আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের যাত্রীদের ঈদযাত্রায় যেন হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, সড়কে যানজট না হওয়া এসব নিশ্চিত করার জন্য সব মহাসড়কে ব্যবস্থাপনা যাতে উন্নত করা যায়, সে জন্য গুরুত্বসহকারে কাজ করছি।
তিনি আরও বলেন, সারা বছর বড় বড় বাজার ও মোড়গুলোতে প্রচুর পরিমাণের যানজট লেগেই থাকে। সেগুলো দূর করার জন্য সেখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় যাতে যানজট না হয়, তার নির্দেশ দিয়েছি। পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যারা চালক ও সহযোগী হিসেবে থাকেন; তারা অনেক সময় ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইন মেনে চলেন না। এতে যানজট তৈরি হয়, এসব ক্ষেত্রে একটু মেধা খাটালেই এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এজন্য পরিবহন মালিক সমিতির লোকজনকে অনুরোধ করেছি, তাদের মোটিভেশন ও ট্রাফিক আইন শিক্ষা দেওয়ার জন্য।
ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


