লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে চালানো ওই হামলায় চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক জরুরি চিঠিতে বলেন, রোববার ভোরে ইসরাইলি বাহিনী বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃতভাবে হামলা চালায়। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক নিহত হন বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার রাতে তারা বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, ওই হামলার লক্ষ্য ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডাররা।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল। আইডিএফের মতে, কুদস ফোর্সের লেবানন কর্পস ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে চালানো ওই হামলায় বৈরুতের একটি হোটেলের একটি কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে চারজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে।
এদিকে ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। এছাড়া সংঘাত শুরুর পর থেকে প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


