বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান লোডশেডিং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা।
যুগ্ম সচিব জানান, বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদনে বড়ো ঘাটতি থাকায় দেশজুড়ে লোডশেডিং করতে হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। ফলে সেদিন প্রায় দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। বৃহস্পতিবারও প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে বলে জানান তিনি।
উম্মে রেহানা বলেন, বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, ফলে চাহিদার অর্ধেকেরও কম উৎপাদন সম্ভব হচ্ছে। ঘাটতি মেটাতে ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন চালানো হলেও তা অত্যন্ত খরচ সাপেক্ষ।
রাজধানীতে এখনও লোডশেডিং দেওয়া হচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি পেলে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
চলমান সেচ মৌসুমে কৃষকের যেন সমস্যা না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। যুগ্ম সচিব জানান, সেচ কার্যক্রম যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জ্বালানি সঙ্কটের কারণে উৎপাদন ব্যাহত হলেও পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


