এমএলএস লিগের মৌসুমের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। খেলায় তেমন জ্বলে উঠতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। বাংলাদেশ সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে হেরেছে মেসির দল।

পুরো সময়জুড়ে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে লস অ্যাঞ্জেলস দলের সবচেয়ে দামি দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। ৮৯ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে প্রথমার্ধে ৩৭ মিনিটে ডেভিড মার্তিনেজকে দিয়ে একটি গোল করান সন। এছাড়া ৭৩ মিনিটে ডেনিস বুয়োঙ্গা এবং ৯৪ মিনিটে নাথান ওরদাজ লস অ্যাঞ্জেলসের হয়ে দুটি গোল করেন।
মেসি ও সনের লড়াই দেখার আগ্রহ থেকেই সম্ভবত লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়াম স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শক হয়েছিল। এমএলএসের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। তবে সনের দাপট থাকলেও মেসি পুরো সময় মাঠে থেকেও দেখে মনে হয়েছে তিনি ছন্দে নেই।
যদিও ম্যাচটিতে মেসি থাকছেন কিনা সে প্রশ্ন ছিল। মায়ামির হয়ে প্রাক্–মৌসুম সফরে ইকুয়েডরে ৭ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির প্রথম ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির খেলার বিষয়টি তখন নিশ্চিত ছিল না। কিন্তু সেরে ওঠার প্রত্যাশিত সময়ের চেয়ে আগে অনুশীলনে ফেরেন মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি মেসি মায়ামির অনুশীলনে ফেরেন। শেষ পর্যন্ত মাঠেও নামেন। কিন্তু শুরুটা মোটেও ভালো হলো না তার। কাগজে-কলমে এটা ছিল লিগে সবচেয়ে শক্তিশালী দুই দলের ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


