গর্ভবতী মা ও নবজাতক শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচিতে আরও ১ লাখ ২৪ হাজার নতুন উপকারভোগী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি জানান, বর্তমানে এ কর্মসূচির আওতায় মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে মোট ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জনে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। এ খাতে মোট ১ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিচালিত সহায়তা কর্মসূচির পরিধিও সম্প্রসারণ করা হচ্ছে। এ ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬৫ হাজারে উন্নীত করার পাশাপাশি এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের সব নাগরিককে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা এবং উন্নয়নের সুফল সবার মধ্যে সমভাবে পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর পরিধি ও সুবিধা ধাপে ধাপে আরও বৃদ্ধি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



