বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে খেলাধুলাবান্ধব পরিবেশ তৈরি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর (বালক ও বালিকা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহরগুলোতে বড় বড় ভবন নির্মিত হলেও শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। ফলে তারা শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মানসিক বিকাশেও বাধা সৃষ্টি হচ্ছে। তাই প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার সুযোগ দেওয়া জরুরি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাই মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।
তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের শুধু পড়াশোনার প্রতি মনোযোগী না করে খেলাধুলার দিকেও উৎসাহিত করা। অনেকেই মাদকের কারণে জীবন নষ্ট করেছে। নতুন প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে পারলে দেশ আরও উন্নত হবে। প্রয়োজনে অভিভাবকদের সন্তানদের বিকেলে মাঠে নিয়ে গিয়ে খেলাধুলায় উৎসাহ দিতে হবে।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের মেধা বিকাশে নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছেন, যা শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



