মালদ্বীপ ফুটবল ফেডারেশন চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আগামী ১ থেকে ১০ জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল পাঠাচ্ছে। টুর্নামেন্টের জন্য বাফুফে অভিজ্ঞ কোচ মারুফুল হককে দায়িত্ব দিয়েছে।

রোববার থেকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হয়েছে এবং সোমবার থেকে ফর্টিস এফসির মাঠে অনুশীলন শুরু হয়েছে। ‘ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক টুর্নামেন্ট’ নামে এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।
কোচ মারুফুল হক ইতোমধ্যে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। গত এপ্রিলে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ দলে খেলা কয়েকজন ফুটবলারও এই দলে ডাক পেয়েছেন। জাতীয় দলে খেলা খেলোয়াড়দের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি ও পিয়াস আহমেদ নোভা। পাশাপাশি চলতি মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সৌরভ দেওয়ানকেও দলে রাখা হয়েছে।
অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া খেলোয়াড়দের জন্য এটি জাতীয় দলে জায়গা করে নেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। মালদ্বীপের এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে তারা জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে পারবেন।
বাংলাদেশ অলিম্পিক দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩২ জন ফুটবলার হলেন—
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, মো. রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন এবং প্রণয় ইনোসেন্ট মারান্ডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



