স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, চিকিৎসাসেবা এমনভাবে নিশ্চিত করা হবে যাতে মানুষকে আর ডাক্তারের পেছনে ছুটতে না হয়; বরং ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটের প্রভাবমুক্ত করা তাঁর অগ্রাধিকার। তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার—এ অধিকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সবার জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে ঘোষিত লক্ষ্যগুলো সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
রাজনৈতিক বিভাজন ভুলে উন্নয়নের পথে এগোনোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভোট দিয়েছেন কিংবা দেননি—সব নাগরিকের প্রতিই সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
নরসিংদী জেলার স্বাস্থ্যখাত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাভাবনা চলছে বলে জানান। পাশাপাশি জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যপ্রকল্প এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
সকালে মন্ত্রী নিজ এলাকায় পৌঁছালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


