সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে, কারণ ফ্লোরিডার উদীয়মান র্যাপার লিল পোপা অকাল প্রয়াত হয়েছেন। গত বুধবার জর্জিয়ার আটলান্টায় মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে, নিশ্চিত করেছে ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস।

জ্যানারিয়াস মাইকেল হুইলার নামে পরিচিত এই শিল্পীর মরদেহ উদ্ধার হওয়ার পর সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।
জ্যাকসনভিলের এই র্যাপার ইয়ো গট্টির বিখ্যাত ‘কালেক্টিভ মিউজিক গ্রুপ’-এ প্রতিভার জোরে নিজের স্থান তৈরি করেছিলেন। বিশেষ করে তার ‘ব্লেসড, আই গেস’ প্রজেক্ট এবং ‘আন্ডার ইনভেস্টিগেশন’ মিক্সটেপ সিরিজ তাকে শ্রোতাদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রতিফলিত হতো; কেবল ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি ছিল। ইয়ো গট্টি ও অন্যান্য তারকাদের সঙ্গে তার কাজগুলো মিউজিক চার্টেও ভালো সাড়া ফেলেছিল।
লিল পোপার আকস্মিক মৃত্যুতে তার অনুরাগীরা স্তম্ভিত। মৃত্যুর কয়েক দিন আগে তিনি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন মিউজিক ভিডিও ‘আউট অব টাউন বে’-এর ঘোষণা দিয়েছিলেন। ভিডিওতে আটলান্টার উল্লেখ ছিল—সেই শহরেই অবশেষে তার জীবনের সুর চিরতরে থেমে গেল।
বর্তমানে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা এই রহস্যমৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা অনুসন্ধান করছেন।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


