মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে একের পর এক কমপক্ষে ১৩টি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য সিকিম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ধারাবাহিক এই ভূকম্পনে রাজ্যজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রাত আনুমানিক দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় প্রথম ও প্রধান ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫, আর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মূল কম্পনের পরপরই শুরু হয় একাধিক পরাঘাত বা আফটারশক। সরকারি তথ্যানুযায়ী, পরবর্তী সাড়ে চার ঘণ্টায় আরও ১২টি ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে মঙ্গন এলাকায় ৭টি, নামচিতে ৪টি এবং রাজধানী গ্যাংটকে ৩.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
শীতের গভীর রাতে আকস্মিক এসব ভূমিকম্পে সিকিমের পর্যটন এলাকাগুলোতে চরম উৎকণ্ঠা দেখা দেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় হোটেল ও বাসাবাড়ি ছেড়ে হাজারো মানুষ খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।
সূত্র: দ্য ওয়াল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


