টানা বর্ষণে কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারি বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বোরো ধানচাষি ও দিনমজুর। পাকা ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। অন্যদিকে কাজ বন্ধ থাকায় আয়হীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার দিনমজুর বেলাল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে বাইরে বের হতে পারছি না। কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে যায়।
একই এলাকার কৃষক নুরুল ইসলাম বলেন, পাকা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির পানিতে অনেক জায়গায় তলিয়ে গেছে। আবহাওয়া এমন থাকলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী ৭২ ঘণ্টায় আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করেছে। এতে কৃষি কাজের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন ও কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


