রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ অনুষ্ঠিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গতানুগতিক মেগা প্রকল্প বাস্তবায়নের কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, অতীতের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ যাচাই-বাছাই ছাড়া বড় প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয় করতে বর্তমান সরকার আগ্রহী নয়।
মন্ত্রী আরও জানান, কোনো প্রকল্পের সুফল শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তব উপকার যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং জনগণের করের অর্থের সঠিক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে বড় প্রকল্প মানেই বড় ধরনের দুর্নীতি—এই নেতিবাচক ধারণা কাজের মাধ্যমেই দূর করতে হবে।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন, প্রতিটি প্রকল্প যেন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করে।
উল্লেখ্য, প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলা—এই অঞ্চলগুলো সরাসরি সংযুক্ত হবে।
প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং পার্শ্ববর্তী উপশহরগুলোর মধ্যে নির্বিঘ্ন যোগাযোগ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


