ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে মাইকেল ক্যারিককে দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি।

গত জানুয়ারিতে রুবেন অ্যামোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ক্যারিক। এরপর থেকেই তিনি দলকে দারুণভাবে ঘুরে দাঁড় করান। তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে ইউনাইটেড। ক্যারিকের অধীনে ১৬ ম্যাচে দল ১১টিতে জয় পায়। এমন পারফরম্যান্সের কারণে তিনি প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য সিজন’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন।
১৩ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনাইটেড এই সময়ে সর্বোচ্চ ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে, যা লিগে সবচেয়ে ভালো পারফরম্যান্স।
ক্যারিক বলেন, ২০ বছর আগে এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বিশেষত্ব অনুভব করেছেন। এই ক্লাবের নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা লড়াই, ঐক্য ও দৃঢ়তার মানসিকতা নিয়ে খেলতে সক্ষম। এখন সময় এসেছে নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।
এর আগে রুবেন অ্যামোরিমের সময়ে খারাপ ফলাফল ও কৌশলগত মতবিরোধের কারণে ক্লাবের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছিল। ১৪ মাস দায়িত্ব পালনের পর তাকে বিদায় জানায় ইউনাইটেড।
ক্যারিক এর আগেও ২০২১ সালে ওলে গানার সোলশারের বিদায়ের পর অস্থায়ীভাবে তিন ম্যাচের জন্য দায়িত্ব পালন করেছিলেন।
খেলোয়াড়ি জীবনে ১২ বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো ক্যারিক ইউনাইটেডের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি এফএ কাপ জিতেছেন। এবার কোচ হিসেবে তিনি ক্লাবকে আবারও শীর্ষে ফেরানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



