বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত রান আউটে ফিরেছেন সালমান আলী আগা। যে আউট নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। কেউ কেউ তো ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিটের বিষয়টিও সামনে এনেছেন। ম্যাচের পর সংবাদ মাধ্যমে একই কথা বলেছেন সালমান আলীও। তিনি বলেছেন, ওই পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় থাকলে বিষয়টি ভিন্নভাবে সামলাতেন তিনি।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। নন-স্ট্রাইকার প্রান্তের কাছে বল ধরতে গিয়ে আগা ও মিরাজ দুজনেই দৌড়ে যান। এ সময় আগা বলটি তুলে নিয়ে বাংলাদেশ অধিনায়ককে ফেরত দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি ক্রিজের বাইরে অবস্থান করায় মিরাজ আগেই বলটি তুলে নিয়ে সরাসরি স্টাম্পে থ্রো করেন। তার পর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে রান-আউট ঘোষণা করেন। আউট হওয়ার পর ডানহাতি ব্যাটার আগা ক্ষোভ প্রকাশ করেন। হাত উঁচু করে তীব্র প্রতিক্রিয়াও জানান। হেলমেটও ছুড়ে মারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাংলাদেশ দলের কয়েকজন ফিল্ডারও সেখানে জড়ো হন।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগা বলেছেন, ‘আমি মনে করি সবাই ঘটনাটি দেখেছে। এটা পুরোপুরি ওই মুহূর্তের উত্তেজনা থেকে ঘটেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কী করতাম, তাহলে বলবো আমি হয়তো ভিন্নভাবে বিষয়টি সামলাতাম। তবে এরপর যা ঘটেছে, সবই ছিল সেই মুহূর্তের উত্তেজনার ফল।’
আগা স্বীকার করেন, মিরাজ নিয়মের মধ্যে থেকেই যা করার করেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি ব্যাপারটাকে ভিন্নভাবে সামলাতেন, ‘নিয়মের দিক থেকে এটি সম্পূর্ণ বৈধ এবং আমি নিজেও সবসময় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। তবে যখন আমরা স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলি, তখন পরিস্থিতি যাই হোক সেটিকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।’
আগা আরও বলেছেন, ‘নিয়ম অনুযায়ী তিনি যা করেছেন তা ঠিক। তিনি যদি মনে করেন এটি সঠিক, তাহলে সেটিই সঠিক। তবে আমার দৃষ্টিকোণ থেকে হলে আমি ভিন্নভাবে বিষয়টি করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে অগ্রাধিকার দিতাম।’
এদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাচের পর, মিরাজের পক্ষেই কথা বলেছেন। তার মতে, ‘আমার মনে হয় তখন দুই পক্ষের কেউই ভুল করেনি। আগা সালমান তাকে সাহায্য করতে চেয়েছিল, আর একই সময়ে মিরাজ পুরোপুরি খেলায় মনোযোগী ছিল এবং সুযোগ দেখে রান-আউট করার চেষ্টা করেছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মুশতাক বলেছেন, ‘বল তখনও খেলার মধ্যেই ছিল এবং আগা ক্রিজের বাইরে ছিল। একজন বোলার হিসেবে আপনি যখন বল হাতে পান, সুযোগ থাকলে প্রতিপক্ষকে রান-আউট করার চেষ্টা করাই স্বাভাবিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


