রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও টাকা চুরির অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০–১৫০ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০) বাদী হয়ে এজাহার দাখিল করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। তিনি জানান, মামলাটি রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ থাকা আসামিরা হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত আসামি এবং আরমান দেওয়ান অজ্ঞাত আসামি হিসেবে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এজাহারে বাদী রেসমি বেগম উল্লেখ করেন, তিনি প্রায় ১৭ বছর ধরে হজরত শাহ আলী (র.) মাজারে নিয়মিত জিয়ারত করেন। ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তারা মাজারের ভক্তদের মারধর করে গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে, মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলেও অভিযোগ করা হয়।
বাদী আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বাধা দিতে গেলে তাকে মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



