রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ধরনের মদের প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে সরকার আগামী অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিলে সংশোধনী আনার প্রস্তাব করেছে।
বর্তমানে কেরুর উৎপাদিত মদের ওপর শুধু আবগারি শুল্ক আরোপ করা হয়। প্রতিষ্ঠানটি এতদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত হারে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক পরিশোধ করে আসছিল। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, আবগারি শুল্কের পাশাপাশি ভ্যাটও দিতে হবে, যার প্রভাব সরাসরি মদের বাজারদামে পড়তে পারে।
ফলে নতুন কর কাঠামো কার্যকর হলে কেরুর মদ ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে কেরুর উৎপাদিত মদের চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফাও বৃদ্ধি পেয়েছে। কেরু অ্যান্ড কোম্পানির ক্ষেত্রে চিনিকলের তুলনায় ডিস্টিলারি ইউনিট থেকেই প্রতিবছর সবচেয়ে বেশি লাভ আসে।
নতুন ভ্যাট আরোপের মাধ্যমে সরকার এ খাত থেকে রাজস্ব আয় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



