সৌদি আরবের মক্কা নগরীতে নতুন বিমানবন্দর ও মেট্রো ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরব। হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত সহজ করতে এবং পরিবহন অবকাঠামো উন্নয়নে এ পরিকল্পনা করছে দেশটির সরকার। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের মক্কা ও পবিত্র স্থানবিষয়ক রয়্যাল কমিশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ হার্ভার্ড বিজনেস রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, লাখ লাখ মুসল্লিদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে মক্কা বিমানবন্দরকে বৈশ্বিক মানের করে তোলার জন্য কৌশলগত ও অর্থনৈতিক বিনিয়োগের দিকনির্দেশনার অনুমোদন পাওয়া গেছে।
তিনি জানান, বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তবে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যকারিতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পটি এখনো প্রাথমিক পরিকল্পনা ও বিনিয়োগ পর্যায়ে রয়েছে।
সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলেও নির্মাণের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
এই উদ্যোগ সৌদি আরবের ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ানো এবং যোগাযোগব্যবস্থা উন্নত করা। বর্তমানে হজ যাত্রীরা জেদ্দা হয়ে মক্কায় পৌঁছান, যা শহরটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরে। নতুন বিমানবন্দর চালু হলে এই যাত্রা সময় অনেকাংশে কমে আসবে।
এ ছাড়া মক্কা মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশার কাজও শেষ হয়েছে। এটি পবিত্র স্থানগুলোর মধ্যে যোগাযোগ আরো সহজ করবে বলেও জানান আল-রাশিদ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া ‘স্মার্ট মক্কা’ কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মসজিদুল হারাম এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ করে জামারাত সেতু এলাকায় ভিড় কমাতে পূর্বাভাসভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


