জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন করছে জনগণ। তারা দিচ্ছে ১০টা নাম, ৫০টা ভুয়া নাম। মামলাগুলো পুলিশ, র‍্যাব কিংবা আনসার দেয়নি। জনগণই দিচ্ছে। তদন্তে কেউ যাতে হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থা নিচ্ছি আমরা। কারণ এগুলোর বেশিরভাগই ভুয়া মামলা।’

Advertisement

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রতি হওয়া মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মামলার আসামি হওয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। সত্যিকারের মামলা হলে আপনাকে (প্রশ্নকারী সাংবাদিক) ধরার কথা। এ রকম যাদের নামে মামলা হয়েছে, কাউকে কি ধরা হয়েছে? আপনি যে কোনও হেনস্তার শিকার হননি, এজন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’

পাশের একটি দেশ বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। এতে পাশের দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।’

অন্তর্বর্তী সরকারের ভুল হলে ধরিয়ে দিতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ভুল হলে ধরিয়ে দিন। কেউ পয়সা মারছে কিনা, তা প্রকাশ করুন।’

চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে, সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন আমরা কারও ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উসকানির বিষয় তো আগেই বললাম। পাশের দেশ উসকানি দিচ্ছে।’

সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, বিষয়টিকে কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই জাহাজ মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনও দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দি যে শুধু তারও সেবা করবো? আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু-এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেবো না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের শত্রু।’

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি। পুরোপুরি সন্তোষজনক নয়। এই যে একটি পূজা গেলো, এটি কত সুন্দরভাবে হয়ে গেলো। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই।’

পুলিশের কাজে ফিরে আসা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব নয়। আমার কাছে জাদু নেই যে বললেই সব হয়ে যাবে। যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি, তারা আইনের দৃষ্টিতে অপরাধী। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরবো। আপনারা খোঁজ নিয়ে জানান। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী, জেলা প্রশাসক ফরিদা খানম, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি ও নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.