দীর্ঘদিন আলঝেইমার রোগের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার (২৮ মার্চ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মেরির স্বামী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পল শ্রেডার এবং মেয়ে মলি শ্রেডার ফেসবুকে এক আবেগঘন পোস্টে জানান, ‘তিনি ছিলেন একজন সাহসী নারী। জীবনের প্রতিটি ক্ষেত্রে মা, স্ত্রী কিংবা শিল্পী হিসেবে তিনি অনুকরণীয় ছিলেন। আজ তিনি সব যন্ত্রণার ঊর্ধ্বে, শান্তিতে ঘুমাচ্ছেন।’ মেরি বেথ হার্ট ছিলেন একজন অভিনেত্রী, একজন স্ত্রী, একজন বোন, একজন মা, একজন খালা, একজন বন্ধু এবং তিনি এই সব ভূমিকা সাবলীল ও দৃঢ়তার সঙ্গে পালন করেছেন।
পোস্টে বলা হয়, আমরা সবাই শোকাহত। তবে এটা ভেবে কিছুটা সান্ত্বনা পাওয়া যায় যে, তিনি আর এখন কষ্ট পাচ্ছেন না এবং শান্তিতে তার বোনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।
এদিকে তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা তার কালজয়ী সিনেমাগুলোর ক্লিপ শেয়ার করে শ্রদ্ধা জানাচ্ছেন। হলিউডের ইতিহাসে মেরি বেথ হার্ট এমন একজন শিল্পী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি সংখ্যার চেয়ে অভিনয়ের মানের ওপরই বেশি জোর দিতেন।
মেরি বেথ হার্ট মানেই ছিল পর্দায় এক মায়াবী এবং মানবিক উপস্থিতি। সত্তরের দশকে ক্যারিয়ার শুরু করে তিনি জয় করেছিলেন সিনেমা প্রেমীদের মন। বিশেষ করে উডি অ্যালেন ও মার্টিন স্কোরসেসির মতো কিংবদন্তি পরিচালকদের সাথে তার কাজগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। ‘দ্য এজ অফ ইনোসেন্স’ বা ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ এর মতো সিনেমায় তার সাবলীল অভিনয় তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শুধু সিনেমা নয়, থিয়েটারের মঞ্চেও মেরি বেথ ছিলেন সমান উজ্জ্বল। তিনবার মর্যাদাপূর্ণ ‘টনি অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি। মঞ্চের কাজে তিনি এতটাই নিখুঁত ছিলেন যে তাকে আমেরিকান থিয়েটারের অন্যতম শক্তিশালী স্তম্ভ মনে করা হতো। ‘ক্রাইমস অফ দ্য হার্ট’ নাটকের জন্য তিনি জিতেছিলেন ‘ওবি অ্যাওয়ার্ড’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


