মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বিনামূল্যে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট দেওয়াকে বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

হেলমেট

Advertisement

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মোটরসাইকেল বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই নীতিমালা কার্যকর হলে, মোটরসাইকেল বিক্রির সময় বিক্রেতাকে ক্রেতার কাছে দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট বিনামূল্যে সরবরাহ করতে হবে।

তিনি আরও জানান, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। বয়স পূর্ণ না হলে লাইসেন্স দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন। এ বিষয়ে আইন প্রয়োগে পুলিশকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দেশে সংঘটিত মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে তরুণদের অকাল মৃত্যুহার কমানো জরুরি। এ জন্য কেবল আইন প্রয়োগই নয়, ব্যাপক জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিআরটিএর কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটি বর্তমানে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে এবং খুব শিগগিরই সব সেবা অনলাইনে চালু করা হবে। এতে করে সেবাগ্রহীতাদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, চলতি মাসের শেষ নাগাদ অনলাইন সেবা পুরোপুরি চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিআরটিএর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় ৪১টি পরিবারের মাঝে মোট এক কোটি ৬৫ লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.