মহম্মদপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ থানা সড়কের সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিন ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ছয় মাস ধরে কাজ বন্ধ থাকায় অর্ধলাখেরও বেশি মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন থানায় যাতায়াতকারীসহ জাঙ্গালিয়া, ধুপুড়িয়া, মহম্মদপুর সদর, রায়পাশা ও চরপাচুড়িয়া গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

সড়ক

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের শেষ দিকে বিশ্বাসপাড়া থেকে হরেকৃষ্ণপুর বাজার পর্যন্ত প্রায় ৪ দশমিক ১২ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫-২৬ অর্থবছরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ‘জেরিন এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হাকিম। পরে ওই প্রতিষ্ঠান থেকে কাজটি কিনে নেন শিপন নামের আরেক ঠিকাদার।

অভিযোগ রয়েছে, কাজ শুরু করে সড়কটি খুঁড়ে রেখে দীর্ঘদিন ধরে আর কোনো অগ্রগতি হয়নি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি; বরং ঠিকাদার কাজ ফেলে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের খোয়া উঠে ধুলায় পরিণত হয়েছে। ধুলোময় এই পথে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও শিক্ষার্থীরা। বিশেষ করে মোটরসাইকেল চলাচলের সময় সামান্য ব্রেক করলেই চাকা পিছলে যাচ্ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

রায়পাশা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আগে এই সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যেত, কিন্তু এখন বাজারে যাওয়া বা দৈনন্দিন কাজকর্ম করাই কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ব্যাটারিচালিত ইজিবাইকচালক আজগর আলী বলেন, রাস্তা খুঁড়ে ফেলে রাখার পর থেকে চারদিকে ধুলাবালির আধিক্য বেড়েছে। মাস্ক ব্যবহার করেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার শিপন জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে; আবহাওয়া অনুকূলে এলেই পুনরায় কাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা শিগগির কাজ সম্পন্ন না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.