আজ ১৬ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। তিনি ১৯৮৪ সালে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন এবং সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। দেশের বিভিন্ন স্থানে এই দিনটিকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেনারেল ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে ভূগোল বিষয়ে এমএ প্রথম পর্বের পড়াশোনা চলাকালীন তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৪০ সালে ৫ অক্টোবর দেরাদুন সামরিক একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে আর্মির কিংস কমিশন পান। ১৯৪১ সালে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন এবং ১৯৪২ সালে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ২৩ বছর বয়সে ব্যাটালিয়নের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি নজিরবিহীন কৃতিত্ব অর্জন করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন (১৯৪৩–৪৫) তিনি মিয়ানমার (বার্মা) রণাঙ্গনে একটি বিশাল বাহিনীর কমান্ড দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।
স্বাধীন ভারতের ভাগ হয়ে পাকিস্তান গঠনের পর ১৯৪৭ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানে কোয়েটা স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালে পাকিস্তানের সেনাসদর অপারেশন বিভাগে জেনারেল স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত হন এবং ১৯৫৬ সালে ডেপুটি ডাইরেক্টর পদে পদোন্নতি পান।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি ডেপুটি ডাইরেক্টর অব মিলিটারি অপারেশন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন তিনি একজন স্বাধীনচেতা বাঙালি অফিসার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং নির্বাচিত হন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) হিসেবে। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য নেতৃত্ব প্রদর্শন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি নতুন সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হন।
৪২ বছর পরও জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর অবদান ও ত্যাগ বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে আছে এবং তাঁর মৃত্যুবার্ষিকী দেশবাসীর কাছে শ্রদ্ধা ও স্মরণের দিন হিসেবে পালন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


