ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সামান্য ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ লাল মাহমুদের ছেলে এবং সম্পর্কে তিনি আয়েশার ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন তৌহিদ। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে আয়েশা খাতুনকে ছুরিকাঘাত করে তৌহিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সায়েফ জানান, তুচ্ছ এই অর্থ নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


