রাজধানীর কোরবানির পশুর হাটে নারীদের সুবিধার্থে আলাদা ‘পিঙ্ক টয়লেট’ স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এই নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের যানজট বা জনভোগান্তি সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে নারীদের কথা বিবেচনায় রেখে প্রতিটি হাটে বাধ্যতামূলকভাবে আলাদা ‘পিঙ্ক টয়লেট’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুরুষেরা যেভাবে সহজে প্রয়োজন মেটাতে পারেন, নারীদের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। তাই মা-বোনদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, পশুর হাটের কারণে যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিবার-পরিজন নিয়ে মানুষ যেন নির্বিঘ্নে পশুর হাটে যেতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



