ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’। আর, এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

নতুন নেতা নির্বাচনের পরপরই এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির আদেশ পালনে এবং ইসলামি বিপ্লবের মূল্যবোধ রক্ষায় পুরোপুরি প্রস্তুত। বাহিনীটি উল্লেখ করেছে, এই নির্বাচন ইসলামি বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে এক নতুন উদয় এবং একটি নতুন অধ্যায়ের সূচনা। আইআরজিসি আরও বলেছে, নতুন নেতার এই নির্বাচন প্রয়াত নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বিয়োগব্যথা সহ্য করার শক্তি জোগাবে ইরানি জাতিকে।
১৯৮৯ সালে ইমাম খোমেনির ইন্তেকালের পর দীর্ঘ ৩৭ বছর ইরানকে নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর, তার ছেলে আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করল বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে পরিষদ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইমাম খামেনিসহ অন্যদের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করে এবং ইরানের ওপর এই বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইমাম খামেনির শাহাদাতের পরপরই যুদ্ধকালীন পরিস্থিতি এবং শত্রুদের সরাসরি হুমকি সত্ত্বেও বিশেষজ্ঞ পরিষদ তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো সময়ক্ষেপণ করেনি এবং নতুন নেতা নির্বাচন ও পরিচিতি পর্বের প্রক্রিয়া শুরু করে।
এতে আরও বলা হয়েছে, সূক্ষ্ম ও ব্যাপক পর্যালোচনার পর এবং ধর্মীয় দায়িত্ববোধ থেকে রোববার আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে সদস্যদের বিপুল ভোটে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত ও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদই ইসলামি বিপ্লবের নেতা নির্বাচন এবং তার কার্যক্রম তদারকি করে থাকে। এই পরিষদের সদস্যরা জনগণের সরাসরি ভোটে আট বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন।
সূত্র: তাসনিম নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


