অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরও দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে +৭০ কেজি ওজনে দাপটের সাথে স্বর্ণ জিতেছে ফাবিহা বুশরা। এছাড়া দিনের শেষ ইভেন্ট পুরুষদের -৭৩ কেজি ওজনে বাজিমাত করেন শাহিন আহমেদ।
এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলো আজিজা আলেয়া লিয়ন, বালক ক্যাডেট +৬২ ইভেন্টে স্বর্ণ জিতেছিলো উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলো রেমি হাসি।
শেষপর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা হয় মোট চারটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ। জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন। বাংলাদেশ হয়ে তিনজন বালক ও তিনজন বালিকা অংশ নিয়েছিলো। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


