জনপ্রিয় দক্ষিণ কোরীয় অভিনেতা লি সাং-বো-কে তার নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাত্র ৪৪ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যু ভক্তদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে। এতে দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পিয়ংতায়ক এলাকায় নিজের বাসা থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের এক সদস্য প্রথমে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক বা অস্বাভাবিক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত এখনও চলমান রয়েছে।
এদিকে, অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সংস্থা কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ প্রকাশ করা হচ্ছে না এবং এই কঠিন সময়ে সবার কাছে পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়ক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে Invisible Man Choi Jang Soo নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ধীরে ধীরে কোরিয়ান নাট্যজগতে নিজের অবস্থান শক্ত করেন। Private Lives, Miss Monte-Cristo এবং The Elegant Empire-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশেষ করে ২০২১ সালের “Miss Monte-Cristo” নাটকে তার প্রধান চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়ায়।
তার মৃত্যুর খবরে ২০২২ সালের একটি পুরোনো বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় জনসমক্ষে অস্বাভাবিক আচরণের অভিযোগে তাকে মাদক সংশ্লিষ্ট তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। তবে পরে পরীক্ষায় তার শরীরে কোনো অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। জানা যায়, ব্যক্তিগত মানসিক চাপের কারণে তিনি চিকিৎসকের পরামর্শে অ্যান্টিডিপ্রেসেন্ট ও ট্র্যাঙ্কুইলাইজার গ্রহণ করছিলেন। ফলে শেষ পর্যন্ত সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


