ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে নির্বাচনে প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে ব্যানার ও পোস্টার খুলে এই কার্যক্রমের সূচনা করেন।

এ সময় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত আমির জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর পরিবেশ রক্ষা ও নগর শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় (মিরপুর-কাফরুল) পর্যায়ক্রমে সব নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পান ডা. শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। সেই হিসাবে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পান জামায়াত আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


