বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় কিন্তু বিতর্কিত ‘হিডেন ডোর হ্যান্ডেল’ বা লুকানো দরজার হাতল নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন এই সাহসী পদক্ষেপ নিলো। টেসলা প্রধান ইলন মাস্কের হাত ধরে জনপ্রিয় হওয়া এই নকশাটি এখন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় এক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক নতুন নির্দেশনায় জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সে দেশে এমন কোনো গাড়ি বিক্রি করা যাবে না যেগুলোর দরজার হাতল বাইরে থেকে লুকানো থাকে। মূলত বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার পর জননিরাপত্তার কথা মাথায় রেখে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি চীনে শাওমিসহ বেশ কিছু ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় গাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে থাকা দরজাগুলো বাইরে বা ভেতর থেকে খোলা সম্ভব হয়নি। এর ফলে আরোহীরা ভেতরে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন।
নতুন নির্দেশিকা বলা হয়েছে, প্রতিটি গাড়ির দরজায় অবশ্যই ভেতর এবং বাইরে থেকে খোলার জন্য একটি যান্ত্রিক বা ‘মেকানিক্যাল রিলিজ’ ব্যবস্থা থাকতে হবে, যা বিদ্যুৎ ছাড়াই কাজ করবে। দরজার বাইরে হাতলে হাত দেওয়ার জন্য কমপক্ষে ৬ সেমি x ২ সেমি x ২.৫ সেমি পরিমাপের একটি ফাঁকা জায়গা থাকতে হবে।
গাড়ির ভেতরে জরুরি অবস্থায় দরজা খোলার নিয়ম দেখানোর জন্য অন্তত ১ সেমি x ০.৭ সেমি মাপের স্পষ্ট চিহ্ন থাকতে হবে। যেসব গাড়ি বর্তমানে বাজারে আসার অপেক্ষায় আছে, তাদের এই নকশা পরিবর্তনের জন্য অতিরিক্ত দুই বছর সময় দেওয়া হয়েছে।
চায়না ডেইলির তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের বাজারে শীর্ষ ১০০টি জনপ্রিয় ইলেকট্রিক গাড়ির প্রায় ৬০ শতাংশেই এই ‘হিডেন হ্যান্ডেল’ ব্যবহার করা হয়। চীনের এই বিশাল বাজার এবং অটোমোবাইল শিল্পে তাদের আধিপত্যের কারণে টেসলাসহ অন্যান্য গাড়ি নির্মাতাদের ওপর এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে।
কেবল চীনেই নয়, টেসলার দরজার হাতল নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। অভিযোগ উঠেছে, হঠাৎ হাতল কাজ করা বন্ধ করে দেয়ায় ভেতরে শিশুরা আটকা পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে মালিকরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করতে বাধ্য হয়েছেন। ইউরোপীয় কর্তৃপক্ষও একই ধরনের কঠোর নিয়ম প্রবর্তনের কথা ভাবছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশেষজ্ঞদের মতে, স্টাইল এবং অ্যারোডাইনামিকসের চেয়ে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ নকশায় আমূল পরিবর্তন আনবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


