হলিউডের সুপারস্টার টম ক্রুজ নিরাপত্তার প্রতি গুরুতর উদ্বেগের কারণে ব্রিটেনের নাইটসব্রিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্কে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। এই প্রপার্টির বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা। দীর্ঘদিন এখানেই বসবাস করলেও সম্প্রতি ঘটে যাওয়া একটি সশস্ত্র ডাকাতির ঘটনায় তিনি লন্ডনে নিরাপদ বোধ করতে পারেননি।
সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি ওই ভবনের নিচে অবস্থিত বুশেরার নামের একটি প্রিমিয়াম ঘড়ির দোকানে ছয় ডাকাত স্লেজহ্যামার দিয়ে কাঁচ ভেঙে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে। এই ঘটনার পর টম ক্রুজ নিরাপত্তা ঝুঁকিকে খুবই গুরুতর মনে করে ফ্ল্যাট ত্যাগের সিদ্ধান্ত নেন।
নাইটসব্রিজে থাকা অবস্থায় টম ক্রুজ বেশির ভাগ সময় নিভৃত জীবনযাপন করতেন। প্রায়শই ভোরে এলাকায় দৌড়াতে দেখা যেত তাকে। তবে ডাকাতির ঘটনার পর তিনি দ্রুত ফ্ল্যাট খালি করেন এবং তার আসবাবপত্র সরিয়ে নেন। ভবনের কর্মীরা জানিয়েছেন, পেন্টহাউসটি অত্যন্ত দ্রুততার সঙ্গে খালি করা হয়েছে।
নাইটসব্রিজের মতো বিলাসবহুল এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এমন উচ্চপ্রোফাইল তারকার চলে যাওয়া স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার যথার্থতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


