বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত বা আংশিক তথ্য উপস্থাপনের অভিযোগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের আংশিক প্রতিবেদন দেখে হতাশ বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। জামায়াত ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করে।
মোট প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৩৮.৫০ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটে আস্থা রেখেছেন। এটি দেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ জনমত প্রকাশ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন পাওয়া, এটি আমাদের প্রতি জনআস্থার স্পষ্ট প্রতিফলন। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি যোগ করেন, এখন সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। সরকারের ওপর জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা গঠনমূলক ভূমিকা রাখব। পরবর্তী নির্বাচনে আরও ব্যাপক জনআস্থা অর্জনের জন্য সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের পথচলা অব্যাহত থাকবে। ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


