ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. মনির হোসেন দলগুলোর কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনি ব্যয়ের বিবরণী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী এই বিধান রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় গত ১৬ মার্চ কমিশন থেকে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ জারি করে ১৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু বর্ধিত সময়সীমা শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট দলগুলো তাদের নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দেয়নি।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে।
তবে এরপরও ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের মতো ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এ অবস্থায় কেন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
যেসব দলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



