নোয়াখালী-৪ আসনের সদরে দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনি ব্যানার চুরির ঘটনা পরিপ্রেক্ষিতে সমর্থকরা অভিনব প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) চুরি হওয়া ব্যানারের স্থলে নতুন দুটি প্রতীকী ব্যানার লাগিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সরকারি কলেজ গেটের সামনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের দুটি ব্যানার চুরি হয়ে যায়। এর প্রতিবাদে সমর্থকরা সেখানে নতুন ব্যানার স্থাপন করেন।
নতুন ব্যানারে লেখা হয়েছে, “নোয়াখালী সরকারি কলেজ গেটের সামনে দাঁড়িপাল্লার দুইটি ব্যানার ছিল জালেমরা রাতে নিয়ে গেছে। প্রতিহিংসার রাজনীতি নয়, আসুন সবাই মিলেমিশে গড়ি বাংলাদেশ।”
সকালে নতুন ব্যানার দেখে স্থানীয়রা কৌতূহলী হন। এই ব্যানারকে কেন্দ্র করে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অনেকেই বিশেষভাবে এটি দেখতে ছুটে আসেন।
মহিউদ্দিন নামের এক বাসিন্দা বলেন, “ব্যানার চুরি করলে ভোট কমানো যায় না, ব্যানার দিয়ে ভোটও আসে না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে কারো প্রচারণায় বাধা দেওয়া উচিত নয়।”
অন্যদিকে আবুল কালাম বলেন, “দাঁড়িপাল্লার চুরি হওয়া ব্যানারের চেয়ে নতুন ব্যানারটি মানুষকে বেশি আকৃষ্ট করেছে। এটা বলা যায়, একটি নতুন আইডিয়া।”
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ বলেন, “ভোটের আগে এমন ঘটনা ঘটছে, যা প্রতিহিংসামূলক রাজনীতির প্রকাশ। এটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য হুমকিস্বরূপ। তবে নতুন দুটি ব্যানার চুরির এই ‘নীরব প্রতিবাদ’ একটি ইতিবাচক উদাহরণ। সবাইকে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


