নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরত দিয়ে সততার নজির স্থাপন করেছেন রিকশাচালক মো. ইব্রাহিম। তার এই সততার স্বীকৃতিস্বরূপ ব্যবসায়ী তাকে উপহার দিয়েছেন একটি নতুন ব্যাটারিচালিত রিকশা।

৪ ফেব্রুয়ারি বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিমের উপস্থিতিতে ইব্রাহিমের হাতে প্রায় ১ লাখ ১৬ হাজার টাকার নতুন রিকশাটি তুলে দেওয়া হয়।
সোনার মালিক বসুরহাটের নিউ আপন জুয়েলার্সের মালিক মো. শাহেদ জানান, ৩ ফেব্রুয়ারি সকালে তিনি আপনভিলা এলাকার বাসা থেকে রিকশায় বসুরহাটের দোকানে যাচ্ছিলেন। পথে ভুলবশত তার সোনার ব্যাগটি রিকশায় থেকে যায়, যার মধ্যে ছয় ভরি সোনার অলঙ্কার ও ব্যাংকের চেকবই ছিল। পরে বিষয়টি থানায় জানান।
মো. ইব্রাহিম ব্যাগটি অক্ষত অবস্থায় রাখেন এবং থানায় জমা দেন। এর ফলে মালিক তার সব মালামাল বুঝে নিতে সক্ষম হন। পরে খুশি হয়ে ব্যবসায়ী ইব্রাহিমকে একটি নতুন ব্যাটারিচালিত রিকশা উপহার দেন।
রিকশাচালক ইব্রাহিম বলেন, “আমার বাড়ি নোয়াখালীর কবিরহাটে। পরিবার নিয়ে বসুরহাটে ভাড়া থাকি। অন্যের রিকশা ভাড়া নিয়ে চালিয়ে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালাই। রিকশায় পাওয়া সোনাগুলো আমার নয়, তাই যত্নসহকারে রাখি এবং মালিককে খুঁজে দেই। এখন রিকশা উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।”
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, “এ যুগে এমন ঘটনা বিরল। অল্প টাকার জিনিস হারালেও তা অনেক সময় আর পাওয়া যায় না। ১৬ লাখ টাকার সোনা কুড়িয়ে মালিককে ফেরত দেওয়া ইব্রাহিমের সততার জন্য তাকে সাধুবাদ জানাই। ব্যবসায়ীকেও ধন্যবাদ, যে তিনি এই সততার স্বীকৃতিস্বরূপ রিকশা উপহার দিয়েছেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


