হঠাৎ করেই বিনোদন জগতে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। একসময় স্বপ্নের কর্মস্থল হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি এখন কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। চাকরি থাকবে কি না—এই প্রশ্নে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই।

বিশ্বের অন্যতম বৃহৎ বিনোদন প্রতিষ্ঠান ডিজনি আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় সিদ্ধান্তগুলোর একটি। তিনি জশ ডি’আমারো, যিনি পূর্ববর্তী সিইও বব আইগার–এর স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা গেছে, সবচেয়ে বেশি ছাঁটাই করা হবে মার্কেটিং বিভাগে। সম্প্রতি এই বিভাগকে পুনর্গঠন করা হয়েছে এবং জানুয়ারিতে এর নেতৃত্বে আসেন আসাদ আইয়াজ।
বর্তমানে ডিজনিতে প্রায় ২ লাখ ৩০ হাজার কর্মী কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ থিম পার্কে খণ্ডকালীন কর্মী হিসেবে নিয়োজিত। প্রায় ৭৬ শতাংশ কর্মী পূর্ণকালীন এবং যুক্তরাষ্ট্রেই কর্মরত আছেন প্রায় ১ লাখ ৭২ হাজার জন।
বিশ্লেষকদের মতে, এই ছাঁটাইয়ের মূল কারণ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের চাপ—সব মিলিয়ে বিনোদন খাতেও প্রভাব পড়ছে। শুধু ডিজনি নয়, সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট-ও শত শত কর্মী কমানোর পরিকল্পনা করছে।
এর আগে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ডিজনি প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যার মাধ্যমে তারা প্রায় ৭.৫ বিলিয়ন ডলার সাশ্রয় করে।
নতুন সিইও জশ ডি’আমারো জানিয়েছেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তিনি প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে ভবিষ্যৎ বিনোদন জগৎকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


