বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিবেচনা করা হয়নি স্টিভ স্মিথকে। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর সুপার এইটে ওঠার লড়াইয়ে টিকে থাকতে কঠিন সমীকরণের মুখে অজিরা।

গুরুত্বপূর্ণ ম্যাচের সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যেতে পারে স্টিভ স্মিথকে। বেশ কদিন ধরেই আলোচনায় থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানকে বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক মিচেল মার্শ চোট পাওয়ার পর জরুরি ভিত্তিতে ডাক পেয়ে ‘কাভার হিসেবে’ শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেন স্মিথ। মার্শ এখন সুস্থ হওয়ার পথে। স্মিথ দলে জায়গা পেয়ে গেছেন জশ হেইজেলউডের বদলি হিসেবে।
হেইজেলউড বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বেশ আগেই। তবে তখন তার কোনো বদলি ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাচকরা তখন বলেছিলেন, প্রয়োজন অনুযায়ী বিশ্বকাপের মাঝে দলে নেওয়া হবে কাউকে। শেষ পর্যন্ত পেসারের বদলে ব্যাটসম্যান বেছে নিলেন নির্বাচকরা। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে এই বদলির।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে দেখা যায়নি স্মিথকে। বিশ্বকাপে তিনি সবশেষ খেলেছেন ২০২২ আসরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার রেকর্ডও খুব সমৃদ্ধ নয়। ৬৭ ম্যাচ খেলে তিনি ১ হাজার ৯৪ রান করেছেন ২৪.৮৬ গড় ও ১২৫.৪৫ স্ট্রাইক রেটে।
তবে ২০২৫–২৬ মৌসুমের বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই স্মিথ সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচে তিনি ২৯৯ রান করেন ৫৯.৮০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইকরেটে। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক।
পাল্লেকেলেতে দলের সঙ্গে অনুশীলন করেছেন স্মিথ। চোট কাটিয়ে ফেরার পথে এ দিন লম্বা সময় নেট অনুশীলন করেছেন অধিনায়ক মিচেল মার্শ। গত ম্যাচে চোট পাওয়া মার্কাস স্টয়নিসও ফিট হয়ে উঠেছেন। তবে সবাই ফিট হয়ে গেলেও স্মিথকে একাদশে জায়গা দেওয়া নিয়ে প্রবলভাবেই হয়তো ভাববে টিম ম্যানেজমেন্ট। কারণ ব্যাটিং লাইনআপে অনেকের ফর্মও খুব ভালো নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


