ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন।

৩৪ বছর বয়সী এই ফুটবলার ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) ২০০ মিলিয়ন পাউন্ডে যোগ দেন—যা এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়ের জন্য পরিশোধিত সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রয়েছে। তবে সাম্প্রতিক কয়েক মৌসুমে চোটের কারণে ছন্দপতন হয়েছে তার ক্যারিয়ারে।
তবুও আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে চান নেইমার। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান তিনি এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান।
কিন্তু চোট-জর্জর প্রথম মৌসুমের পর গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এর ফলে জানুয়ারিতে শুরু হওয়া ব্রাজিলিয়ান মৌসুমের শুরুটা মিস করেন তিনি। গত সপ্তাহে মাঠে ফেরেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কাজে’-কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর সম্পর্কেও নিশ্চিত নই। হতে পারে ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে পরিকল্পনা করছি।’
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার ঝুলিতে রয়েছে ৭৯টি আন্তর্জাতিক গোল—যা কিংবদন্তি পেলের চেয়ে দুইটি বেশি। তবে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া যে বড় চ্যালেঞ্জ হবে, সেটিও স্বীকার করেছেন নেইমার। তিনি বলেন, ‘এই বছরটা খুব গুরুত্বপূর্ণ—শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। কারণ এটি বিশ্বকাপের বছর, আর আমার জন্যও বিশেষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


