জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার সময় একটি অচেনা মোবাইল নম্বর থেকে হুমকিমূলক ফোন পান বলে জানান তিনি। ঘটনার পর রাতেই পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আখতার হোসেন।

জিডিতে উল্লেখ করা হয়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচার-প্রচারণা চলাকালে ওই হুমকি আসে। ফোনদাতা নিজেকে পরিচয় না দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, শনিবার রাত ১১টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, শুধু তার আসনেই নয়—সারা দেশেই শাপলা কলির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে প্রকাশ্যে ও গোপনে হুমকির মুখে পড়ছেন। তিনি বলেন, ভয়ভীতি, গুজব বা প্রাণনাশের হুমকি দিয়ে তাদের অগ্রযাত্রা থামানো যাবে না। তার অভিযোগ, প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার চেষ্টা করছে, যারই ধারাবাহিকতা হিসেবে এই হুমকি আসতে পারে।
তিনি নির্বাচন সুষ্ঠু রাখতে প্রশাসনের প্রতি সতর্ক নজরদারির আহ্বান জানান।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


