টানা সাত দিনের লম্বা ছুটিতে প্রায় ফাঁকা হতে চলেছে রাজধানী। তবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ রেখে নাড়ির টানে বাড়ি ফেরায় ব্যক্তিগত সম্পদ নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করছে নগরবাসীর মধ্যে। বিশেষ করে জনশূন্য আবাসিক এলাকাগুলোতে এই সময়ে অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন।
এই প্রেক্ষাপটে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান নগরবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, ফাঁকা ঢাকার নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
তালেবুর রহমান বলেন, নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, মোবাইল টিম ও চেকপোস্টের ব্যবস্থাও রাখা হয়েছে। নগরবাসীর অনুপস্থিতিতে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছি।
এবারের ঈদের ছুটি টানা সাত দিন হওয়ায় আগেভাগেই শহর ছাড়ার হিড়িক পড়েছে। এতে রাজপথের চিরচেনা যানজট কমলেও নির্জন অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধ প্রবণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বাসা ছাড়ার আগে জানলা-দরজা সঠিকভাবে লক করা এবং বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে স্থানীয় কমিউনিটি বা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


