সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ লক্ষ্যে অফিসে নির্দিষ্ট সময় বাধ্যতামূলক উপস্থিতিসহ একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। এই সময়ের মধ্যে কোনো দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার বাস্তবায়ন তদারকিতে প্রতিটি কার্যালয়ে একটি করে ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর জোর দিয়ে জানালা বা ব্লাইন্ড খোলা রাখার কথা বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিশেষ অনুমতি ছাড়া সব ধরনের আলোকসজ্জা পরিহারের কথাও উল্লেখ করা হয়েছে।
কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখতে অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুম নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অফিস ত্যাগের সময় লাইট, ফ্যান, কম্পিউটার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একই ধরনের নির্দেশনা জারি করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। নতুন করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে কড়াভাবে এই নির্দেশনা বাস্তবায়নের বার্তা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


