ওমানের রাজধানী মাসকটের উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ বিস্ফোরক বোঝাই নৌকার হামলার শিকার হয়েছে। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছেন বলে সোমবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলেছে, ওমানের উপকূল লাগোয়া এলাকায় এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ আক্রান্ত হয়েছে। হামলায় জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা অন্য ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
বর্তমানে ওমানের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ আক্রান্ত তেলবাহী জাহাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য প্রয়োজনীয় নৌ-সতর্কতা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও বহু ভবন ধ্বংস হয়েছে। বেইত শেমেশে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া তেল আবিব, বীরশেবা এবং জেরুজালেমেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


