পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেন, ‘আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়, এখন থেকে ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের প্রাপ্যটা অবশ্যই আমরা বুঝে নিতে পারব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মাসুদ সাঈদী এ কথা বলেন।
এসময় মাসুদ সাঈদী বিগত ফ্যাসিস্ট সরকারের উদ্দেশে বলেন, ‘এই জিয়ানগরের মানুষকে তারা শান্তিতে ঘরে থাকতে দেয়নি, বিএনপি জামায়াতের লোকজন বাগানে ঘুমিয়েছে, জেল খেটেছে, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে।
এই উপজেলার নাম ছিল জিয়ানগর সেটাও তারা কেটে দিয়েছিল। এই উপজেলার মানুষের সঙ্গে অনেক বৈষম্য করেছে তারা। গত ১৭টি বছর এখানকার মানুষকে প্রায় সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছিল তারা। আবার সময় এসেছে ইনশাল্লাহ আমরা আবার পুনরায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।’
মাসুদ সাঈদী বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিগত দিনে যেমন দল মত ভুলে গিয়ে ভাই ভাই হয়ে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রাম করেছেন, তেমনিভাবে এলাকার উন্নয়নের স্বার্থে সামনেও ভাই ভাই হয়ে থাকবেন, আপনারা একত্রিত হয়ে থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রাতুল পঞ্চায়েত, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, বিএনপি নেতা আহসানুল সগীর প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


