পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে যাত্রীরা অনলাইনে ১৭ মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে।
অন্যদিকে একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি আসন কেনার সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যেভাবে অনলাইনে টিকিট কিনবেন
যাত্রীরা মোবাইল অ্যাপ Rail Sheba অথবা Bangladesh Railway–এর ওয়েবসাইট ব্যবহার করে সহজেই অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী পেজে ট্রেনের নাম, ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না—এসব তথ্য দেখা যাবে। সেখান থেকে পছন্দের ট্রেন নির্বাচন করে ‘View Seats’ অপশনে গিয়ে খালি আসন থাকলে নিজের পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করতে হবে।
এরপর ‘Continue Purchase’ বাটনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড কিংবা bKash–এর মাধ্যমে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।
পরবর্তীতে ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঈদ সামনে রেখে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকায় যাত্রীদের আগেভাগে অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


