ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রেস সচিব জানান, একটি সফল, ঐতিহাসিক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য উপদেষ্টা পরিষদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উপদেষ্টারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা মত দিয়েছেন যে এবারের নির্বাচন ভবিষ্যতে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। নতুন সংসদে শক্তিশালী বিরোধী দল থাকবে এবং তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এই নির্বাচনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে পেরেছে। বডিক্যামের ব্যবহার কার্যকর ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
তার দাবি, দেশের ইতিহাসে এবারের নির্বাচন তুলনামূলকভাবে সবচেয়ে কম সহিংসতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভূমিকারও প্রশংসা করা হয়।
অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন প্রসঙ্গে তিনি জানান, সরকার নিজেদের কার্যক্রমে প্রায় ৯০ শতাংশ সফল বলে মনে করছে। তাদের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ এবং দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


