ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ সক্রিয়। প্ল্যাটফর্মটিতে মাঝে মধ্যেই চলচ্চিত্র ক্যারিয়ার, ব্যবসা এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন। কখনো কখনো সমসাময়িক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি।

এবার এ অভিনেত্রী এক পোস্টের মাধ্যমে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এতে নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা স্মরণ করে নিজস্ব আভিজাত্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়ানোর জন্যও অনুরোধ করেছেন অপু বিশ্বাস।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন, ‘আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’
‘আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সঙ্গে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।’
তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।’
এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।’
ঢালিউড ক্যুইন লিখেছেন, ‘আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য।আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি।’
এদিকে এ নায়িকার এমন দায়িত্বশীল ও ইতিবাচক বার্তা নজর কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তারা প্রশংসায় ভাসাচ্ছেন প্রিয় তারকাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


