মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
আক্ষেপ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে, যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে।’
জ্বালানি মন্ত্রী বলেন, ‘আমি তেল ঠিকই দিচ্ছি। আগে যে পরিমাণ তেল বিক্রি করতে পেট্রল পাম্পগুলোর এক থেকে দেড় দিন সময় লাগত, এখন সেই তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। এই তেল আসলে কোথায় যায়? আমাদের পুলিশ সুপার গতকালই মাটির নিচ থেকে চুরি করা তেল উদ্ধার করেছেন।’
জ্বালানি তেল চুরি ঠেকাতে বীর মুক্তিযোদ্ধাদের মাঠে নামার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু বুকে অতন্ত্র প্রহরী লিখে রাখলে চলবে না, আপনাদের কাজেও তা প্রমাণ করতে হবে। প্রত্যেক মুক্তিযোদ্ধার দায়িত্ব এখন রাস্তায় নামা। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, পতাকা ও শাসনতন্ত্র এনেছি; সেই অর্জনকে রক্ষা করতে হবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে যে রাষ্ট্র হয় না, তার বড় উদাহরণ আজকের পাকিস্তান। পাকিস্তান ধর্ম দিয়ে লড়াই করতে করতে আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সবাই জানে। জিয়াউর রহমান সেদিন যদি দিশা না দেখাতেন, তবে হতাশ বাঙালি জাতির পক্ষে এই পতাকা ও মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


