পাকিস্তানের সুপরিচিত কবি, নাতশিল্পী ও প্রখ্যাত বক্তা সৈয়দ সালমান গিলানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দেশটির গণমাধ্যম বোল নিউজ জানিয়েছে, হৃদরোগ ও লিভারের জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা চললেও সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
লাহোরের জামিয়া আশরাফিয়ায় জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন, শিক্ষার্থী এবং সাহিত্যাঙ্গনের বহু ব্যক্তিত্ব অংশ নেন। উপস্থিত সবাই তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জমিয়াতে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, সালমান গিলানি ছিলেন একজন সম্মানিত ও প্রভাবশালী কবি, যার ভক্তিমূলক কবিতা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।
সৈয়দ সালমান গিলানি ধর্মীয় ও সাহিত্যিক উভয় পরিমণ্ডলেই সমানভাবে প্রশংসিত ছিলেন। নাত আবৃত্তি ও কবিতায় তার স্বতন্ত্র ভঙ্গি শ্রোতাদের মুগ্ধ করত। শুধু ভক্তিমূলক কবিতাই নয়, তার সাধারণ ও হাস্যরসাত্মক লেখাগুলোও বিভিন্ন ধর্মীয় ও সাহিত্যিক অনুষ্ঠানে নিয়মিত আবৃত্তি হতো। তার প্রয়াণে পাকিস্তানের সাহিত্য ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


